অনলাইন স্ট্রিমিং সেবার মূসক আদায়ে তৎপর এনবিআর
এবার নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, টিকটক, গুগলমিট, জুম, স্কাইপি ও স্ল্যাক এর মতো অনলাইন স্ট্রিমিং সেবার বিপরীতে ধার্যকৃত ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর আদায়ে সরব হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এই খাত থেকে মূসক/ভ্যাট আদায়ে বাংলাদেশ ব্যাংকের কাছে তফসিলী ব্যাংকগুলোকে চিঠি দিতে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যেই কোনো কোনো ব্যাংক তাদের ক্রেডিট কার্ড গ্রাহককে চিঠি দিয়ে মূল্য সংযোজন কর আইন-২০১২ অনুযায়ী ভ্যাট আদায়ের বিষয়টি জানিয়েও দিয়েছে।
সূত্রমতে, জাতীয় রাজস্ব বোর্ডের নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (মূসক) থেকে গত ১১ জুন বাংলাদেশ ব্যাংককে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়। সেখানে অনলাইনভিত্তিক বিনোদন চ্যানেলের বিপরীতে বৈদেশিক মুদ্রায় সাবস্ক্রিপশন বা গ্রাহক হওয়ার ফি অধিকাংশ ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়। চিঠিতে রয়্যালটি, বিভিন্ন ইন্টারনেটভিত্তিক সেবা, ফেসবুক, ইউটিউবের মতো মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার বিষয়ও অন্তর্ভূক্ত রয়েছে।